দিল্লির নারেলা এলাকায় বাজি ফাটানোর সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সের এক বালক। মৃত নাবালকের নাম ঋষি। গত রবিবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে দীপাবলির আনন্দ উদযাপনের সময় দুর্ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যদের সঙ্গে বাজি ফাটানোর সময় একটি রকেটে আগুন দেওয়া মাত্রই সেটি ওপরের দিকে না গিয়ে সরাসরি ঋষির বুকে এসে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হয় সে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর চিকিৎসার চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে নিহতের পরিবার। মৃত ঋষির দাদার দাবি, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার ভাইয়ের প্রাণ গিয়েছে। অন্যদিকে, দ্রুত চিকিৎসা শুরু করা হলে ছেলেকে বাঁচানো সম্ভব হতো বলে জানিয়েছেন তার মা অঞ্জলি।
মুম্বইয়ে রকেট ও আকাশবাজিতে নিষেধাজ্ঞা
রকেট বাজি কেন্দ্রিক একের পর এক দুর্ঘটনার প্রেক্ষিতে বড় পদক্ষেপ নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। পুরনিগমের অধীনস্থ সমস্ত এলাকায় আগামী ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও সেল সহ আকাশে ওড়ার উপযোগী সব ধরনের বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ৯ নভেম্বর থেকে অবিলম্বে কার্যকর হওয়া এই নির্দেশিকা বিএমসি এলাকা জুড়ে বলবৎ থাকবে।







