কলকাতার ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। কসবা থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ফুটপাথে উঠে পড়ে। এই ঘটনায় পথচারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া রাস্তার ধারের একটি দোকানও গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে রাত ১০টা নাগাদ। দুর্ঘটনার পর চালকসহ গাড়িতে থাকা তিন ব্যক্তি গাড়িটি সেখানেই ফেলে রেখে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। তবে আহতদের বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
শহরের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে একের পর এক পথ দুর্ঘটনা পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে। গত ৩ নভেম্বর বৌবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটে একইভাবে একটি গাড়ি ফুটপাথে উঠে তিন মহিলাকে আহত করেছিল। এছাড়া ৮ ও ১২ নভেম্বর ঠাকুরপুকুর, গার্ডেনরিচ এবং বৌবাজার এলাকায় একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পথচারীরা। ঢাকুরিয়ার এই ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তির খোঁজে তদন্ত শুরু হয়েছে।







