রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেছেন যে, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ এবং গুজরাটের আদলে গড়ে তোলা হবে। বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, এই প্রক্রিয়ায় কেউ বাধা দিতে পারবে না। যাদের এই পরিকল্পনায় আপত্তি রয়েছে, তাদের বাংলাদেশ চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এমনকি প্রয়োজনে বিনা ভিসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, রাজ্যে প্রয়োজনে আরও এনকাউন্টার এবং বুলডোজার অভিযান চালানো হবে। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় এবং ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হচ্ছে। তাঁর দাবি, যারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে, তাদের এই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই; তবে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো আপস করবে না।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়লে তিনি বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল, কিন্তু উত্তরপ্রদেশ হলে সমস্যা কোথায়? তাঁর এই মন্তব্যের পর রাজ্যের বাঙালি পরিচয়, ভাষা এবং আঞ্চলিক সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে যে, রাজ্যের নিজস্ব সংস্কৃতিকে উপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালিবিরোধী রাজনীতির অভিযোগ এনেছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি সরকার গঠন করার কয়েক মাসের মধ্যেই মন্ত্রীর এই মন্তব্য নতুন রাজনৈতিক সংঘাতের জন্ম দিয়েছে।







