জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের রাস্তায় তীব্র যানজট এবং নো-এন্ট্রির কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে এই সমস্যা প্রকট হয়। এই পরিস্থিতি বিবেচনা করে মানবিক উদ্যোগ নিয়েছেন দুই বাল্যবন্ধু— চিকিৎসক অভ্র ঘোষ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দীপ্তনু মুখোপাধ্যায়। তাঁদের যৌথ উদ্যোগে চালু হয়েছে 'ডক্টর অন হুইলস' পরিষেবা।
২০২২ সালে পুজোর সময় চিকিৎসক অভ্র ঘোষের বাবা গুরুতর স্নায়ুরোগে আক্রান্ত হলে নো-এন্ট্রির কড়াকড়ির কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয়েছিল। এই অভিজ্ঞতার কথা জানান বন্ধু দীপ্তনুকে, যিনি কলকাতার একটি কর্পোরেট সংস্থায় কর্মরত এবং নিজেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই ভাবনা থেকেই ২০২৩ সাল থেকে চন্দননগরের জ্যোতির মোড়ের স্বপ্না বাজার সংলগ্ন একটি ক্লিনিককে কেন্দ্র করে পুজোর পাঁচ দিন এই পরিষেবা শুরু হয়।
ফোনে অসুস্থতার খবর পাওয়া মাত্রই বাইকে চেপে রোগীর বাড়িতে পৌঁছে যান অভ্র ঘোষ এবং দীপ্তনু। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ECG, সাধারণ রক্ত পরীক্ষা এবং সোডিয়াম ও পটাশিয়াম পরীক্ষাও করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন তাঁরা। বারাসাত গেট থেকে তালডাঙা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এই পরিষেবা দেওয়া হচ্ছে এবং সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। গত বছর পাঁচ দিনে প্রায় ৩০ জন রোগী এই পরিষেবার সুবিধা পেয়েছিলেন, আর এ বছর সেই সংখ্যা আরও বেড়েছে।







