মঙ্গলবার অষ্টমীর রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে তিনি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সামাজিক কাজ করার বার্তা দেন এবং ক্লাবগুলির স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিধায়ক উল্লেখ করেন যে, অতীতে তৃণমূল কংগ্রেস বা সিপিএম-এর আমলে দেখা গিয়েছে যে যে দল ক্ষমতায় থাকে, ক্লাবগুলি সেই দলের নেতৃত্বেই পরিচালিত হয়। তিনি স্পষ্ট জানান, বিজেপি আমলেও তিনি সেই ধারা বজায় রাখতে চান না। ক্লাব ও সংগঠনগুলিকে রাজনীতির ছত্রছায়া থেকে দূরে রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বলেন,
“ক্লাবকে মুক্ত থাকতে দিন। মুক্ত বাতাসে ক্রীড়া জগতে ও নানারকম সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাক। ক্লাবে রাজনৈতিক রং লাগাবেন না। ক্লাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই থাকবে। সকলে মিলে ক্লাবের কর্মকাণ্ডকে সকলের মাঝে তুলে ধরুন। কোনও সমস্যা হলে আমি পাশে থাকব।”
দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর জমকালো আয়োজনের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন বিধায়ক। পাশাপাশি, ভিড় সামলাতে পুলিশের তরফেও নজরদারি বাড়ানো হয়েছে।







