শুক্রবার কে সি পাল মেমোরিয়াল (KC Paul Memorial Tournament) ট্রফির সেমিফাইনাল ম্যাচে আইজল এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দল। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইস্টবেঙ্গল। প্রথম কোয়ার্টারেই মহম্মদ বিলাল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আকাশ হেমব্রম আরও একটি গোল করেন, যার ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল মশাল ব্রিগেড। অন্যদিকে, প্রথম গোল হজম করার পর আইজল এফসি যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে ইস্টবেঙ্গল এবং ম্যাচের ৬৭ মিনিটের মাথায় সঞ্জীব ঘোষ তৃতীয় গোলটি করেন। যদিও পরবর্তীতে আইজল দলের হয়ে এলিসা একটি গোল করেন, তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে ইস্টবেঙ্গল। আগামী রবিবার সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।





