ছয় দিনের ছুটি কাটিয়ে রবিবার অনুশীলনে নামল ইস্ট বেঙ্গল। আগামী দুই সপ্তাহ লাল-হলুদ শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৪ নভেম্বর ACL Two-এর ম্যাচের পাশাপাশি ২৯ নভেম্বর ISL-এর প্রথম পর্বের বড় ম্যাচ রয়েছে হাবাস ব্রিগেডের। তার আগে আগামী শুক্রবার ঘরের মাঠে SC Delhi-র মুখোমুখি হবে তারা। তবে এই গুরুত্বপূর্ণ পর্বে দলের অন্যতম প্রধান ভরসা আনোয়ার আলিকে পাচ্ছে না দল।
গত ৩ নভেম্বর Al Seeb-এর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান আনোয়ার আলি। তাঁর গ্রেড-টু টিয়ার হয়েছে। ফলে আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। রবিবার আনোয়ারকে ছাড়াই Centre of Excellence-এ অনুশীলন শুরু হয়। কবে নাগাদ তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে চলতি মাসে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ডার্বির পাশাপাশি Al Hussein-এর বিরুদ্ধে ACL Two-এর ম্যাচেও অনিশ্চিত এই তারকা ডিফেন্ডার।
আনোয়ারের পাশাপাশি চোট রয়েছে এডমুন্ডের। তবে Delhi ম্যাচের আগেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। জাতীয় দলের ফুটবলারদের বাদ দিয়ে বাকিদের নিয়ে কোচ Habas এদিন প্রস্তুতি সারেন। চেন্নাইয়ান এফসি-র কাছে ৩-৫ গোলে হারের পর Delhi-র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্ট বেঙ্গল। এখন আনোয়ারের অনুপস্থিতিতে রক্ষণ সামলানোই স্প্যানিশ কোচের মূল পরীক্ষা হতে চলেছে।







