আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিতে চায় ED। সম্প্রতি তিনি আদালতের কাছে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই আবেদনের বিরোধিতা করে জানিয়েছে যে, নতুন কিছু তথ্য সামনে এসেছে, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
সূত্রের খবর, সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার ২০ দিনের মধ্যেই সন্দীপ ঘোষকে তলব করেছিল ED। তবে গত বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি এবং ১৫ দিনের সময় চেয়েছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং এই মামলায় তিনি দুই বছর জেলবন্দি ছিলেন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করে CBI।
গত ১৫ অক্টোবর সর্বোচ্চ আদালত থেকে জামিন পান সন্দীপ ঘোষ। তাঁর এই জামিন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক এবং ওই তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ। তিনি জানান, সন্দীপ ঘোষ একসময় তাঁদের বাড়িতে গিয়ে কথা দিয়েছিলেন যে তিনি কোনোদিন জেল থেকে বেরোবেন না, তাই তাঁর জামিন পাওয়াটা তাঁর কাছে বিস্ময়ের। অন্যদিকে, অভয়াকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পুনরায় আন্দোলনের ডাক দিয়েছে একাধিক সংগঠন।







