এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের লক্ষ লক্ষ সদস্যের জন্য পিএফ (PF) টাকা তোলার নিয়মে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড বৈঠকে ন্যূনতম পিএফ ব্যালান্সের বাধ্যতামূলক সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কর্মীরা তাঁদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থের আরও বড় অংশ তুলতে পারবেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, আংশিক টাকা তোলার (Partial withdrawal) ক্ষেত্রে সদস্যদের অ্যাকাউন্টে ২৫ শতাংশ ব্যালান্স রাখা বাধ্যতামূলক ছিল। নতুন প্রস্তাব কার্যকর হলে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে গ্রাহকরা তাঁদের মোট সঞ্চয়ের ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন। চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনের মতো জরুরি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কর্মীদের বড় আর্থিক সহায়তা প্রদান করবে বলে মনে করা হচ্ছে।
তবে এই পরিবর্তনের ফলে টাকা তোলার অন্যান্য নিয়ম বা নির্দেশিকা বাতিল হচ্ছে না। প্রত্যাহারের কারণ এবং নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী EPFO-র নির্দেশিকা মেনে চলতে হবে। সদস্যদের অবসর পরবর্তী সুরক্ষা এবং ৮.২৫ শতাংশ সুদের সুবিধা নিশ্চিত করতেই আগে ২৫ শতাংশ ব্যালান্স রাখার নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা, যার মাধ্যমে এই নিয়মের কার্যকর হওয়ার তারিখ এবং বিস্তারিত নির্দেশিকা জানা যাবে।
উল্লেখ্য, এর আগে ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পিএফ-এর ক্ষেত্রে মাসিক আয়ের সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।






