মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধায় এবার নিয়ন্ত্রণ আনতে চলেছে সরকার। সরকারি বাসে মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে পরিবহন নিগমের তরফে নতুন নিয়ম চালু করা হচ্ছে। ফলে এখন থেকে আর ইচ্ছামতো বাসের ফ্রি টিকিট পাওয়া যাবে না। মূলত দূরপাল্লার বাসগুলির ক্ষেত্রেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দৈনন্দিন যাতায়াত ছাড়াও দূরপাল্লার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করা হয়েছিল। এই ব্যবস্থার মাধ্যমে সল্টলেক থেকে দিঘা, পুরী এমনকী দার্জিলিং পর্যন্ত বিনা ভাড়ায় সফরের সুযোগ মিলছিল। তবে পরিবহন দফতরের পর্যবেক্ষণ, গত পাঁচ মাস ধরে এই পরিষেবার সুযোগ অপব্যবহারের শিকার হচ্ছিল। বহু ক্ষেত্রে অনলাইনে ফ্রি টিকিট বুক করার পরেও যাত্রীরা বাসে উঠছিলেন না। এর ফলে বাসগুলিতে আসন খালি থেকে যাচ্ছিল এবং পরিবহন নিগমের কোষাগারে বড়সড় ক্ষতির সৃষ্টি হচ্ছিল।
এই পরিস্থিতি সামাল দিতে অনলাইন টিকিট বুকিংয়ের নিয়মে বদল আনা হয়েছে। পরিবহন দফতর জানিয়েছে, দূরপাল্লার বাসে এখন থেকে মোট আসনের মাত্র ৩০ শতাংশ অনলাইনে কাটা যাবে। বাকি ৭০ শতাংশ টিকিট যাত্রীদের সরাসরি অফলাইনেই কাটতে হবে।







