চলতি মরসুমের ইন্ডিয়ান ফুটবল লিগে অনবদ্য ফর্মে রয়েছে Gokulam Kerala FC। গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা কাটিয়ে ম্যানেজমেন্ট অনেক আগে থেকেই দলের প্রস্তুতি শুরু করেছিল। ভারতীয় এবং বিদেশি খেলোয়াড় নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় তার সুফল মিলছে শুরু থেকেই। প্রথম তিনটি ম্যাচে অপরাজিত থেকে নয় পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এই দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্বলেস্বরী SC-কে পরাজিত করার পর রাজস্থান ইউনাইটেড এবং নাগাল্যান্ড ইউনাইটেডের বিরুদ্ধেও জয় ধরে রেখেছে তারা।
দলের শক্তি বাড়াতে সম্প্রতি যুক্ত হয়েছেন মিজো ফুটবলার রামসাঙ্গা ত্নাইছুন। এর আগে ISL জয়ী East Bengal-এর সঙ্গে যুক্ত থাকলেও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তিনি দেশের দ্বিতীয় ডিভিশন লিগের এই ক্লাবে যোগ দিয়েছেন। পাশাপাশি দলে এসেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার Mateus Raniel। ভারতে আসার আগে তিনি ব্রাজিলের Pinheiro SC এবং UD Oliveirense-র মতো ক্লাবে খেলেছেন।
নতুন এই ডিফেন্ডারকে নিয়ে যথেষ্ট প্রত্যাশা রয়েছে কোচ Carlos Eduardo Pereira-র। গত ম্যাচে তাকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল। তবে ফিটনেসের দিকে নজর দিয়ে আগামী ম্যাচগুলোতে তাকে মূল একাদশে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন কোচ।





