দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম Grand Theft Auto VI বা GTA 6। ১৩ বছর পর ভাইস সিটিতে ফিরেছেন গেমাররা। এই নতুন ভার্সনের একাধিক চমকের মধ্যে অন্যতম হলো ১৯৮২ সালের একটি বাংলা গানের অন্তর্ভুক্তি। গেমটির কাল্পনিক দেশ লিওনিডায় গাড়ির রেডিওতে শোনা যাচ্ছে কলকাতার শিল্পী রূপা বিশ্বাসের গাওয়া ‘আজ শনিবার’ গানটি। শুক্রবার থেকে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, GTA 6-এর অন্যতম আকর্ষণ হলো এর ইন-গেম রেডিও ব্যবস্থা। এখানে ‘Worldwide FM’ নামক একটি বিশেষ চ্যানেলে কান্ট্রি সং, হিপ-হপ, জ্যাজ এবং ইলেকট্রনিক মিউজিকের মতো বিভিন্ন ঘরানার গানের সম্ভার রয়েছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ গানটি, যা ১৯৮২ সালে তাঁর ‘Disco Jazz’ অ্যালবামে প্রকাশিত হয়েছিল। আশিস খানের সুর ও সংগীতায়োজনে তৈরি এই ডিস্কো গানে পাশ্চাত্য ছন্দের সঙ্গে ভারতীয় প্রভাবের মিশেল রয়েছে।
পুরানো ভারতীয় ডিস্কো সংগীতের সংগ্রাহক ও অনুরাগীদের কাছে এই গানটি আগে থেকেই পরিচিত। তবে GTA 6-এর মাধ্যমে এটি এখন আন্তর্জাতিক স্তরে নতুন করে পরিচিতি পাচ্ছে। গেমাররা বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় রেডিও স্টেশন পরিবর্তন করতে গিয়ে চার দশকেরও বেশি পুরানো এই বাংলা গানটি নতুন করে আবিষ্কার করছেন।







