মালদহের হবিবপুর ব্লকের বৈদ্যপুর, জাজইল, কানতুর্কা এবং আকতৈল এলাকায় গত বুধবার ১১ নভেম্বর বিকেলে আচমকা শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরের পাশাপাশি মাঠের পাকা ধান ও সবজি চাষের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শুক্রবার সারা ভারত কৃষক সভার হবিবপুর লোকাল কমিটির পক্ষ থেকে বিডিও-র কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ওই স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, অবিলম্বে সরকারি প্রতিনিধি দল পাঠিয়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে।
পাশাপাশি, ঋণগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মকুব, আর্থিক সহায়তা প্রদান এবং আগামী মরশুমের জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ভাগ চাষি ও চুক্তিবদ্ধ চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে বলা হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, ব্লক সভাপতি সুনীল বর্মন এবং সংগঠনের অন্যান্য কর্মী-কর্মকর্তারা।







