দেশজুড়ে শুরু হতে চলা জনগণনার কাজের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষাগুলি করার প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষাদপ্তরের কাছে।
২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শুরু হবে, যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ কাজে বিপুল সংখ্যক স্কুল শিক্ষক যুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা থাকা চতুর্থ সেমিস্টার ও প্র্যাকটিকাল পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক ও পরিদর্শক পাওয়ার সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, একই কারণে মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে, যা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ১৯ মার্চ থেকে নতুন সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছে।







