হিট অ্যান্ড রান বা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নিহত ও গুরুতর আহতদের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ ক্ষতিপূরণ প্রকল্প থাকলেও, তার সুফল পাচ্ছেন না অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই বঞ্চিত হচ্ছেন। সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি এই রিপোর্টে দেখা গিয়েছে, প্রতি বছর হাজার হাজার মানুষ এই ধরনের দুর্ঘটনার শিকার হলেও আবেদন এবং অর্থ প্রাপ্তির সংখ্যা অত্যন্ত কম।
ম্যানেজমেন্ট কনসালটেন্সি সংস্থা Primus Partners-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি বছর গড়ে প্রায় ৭০ হাজার হিট অ্যান্ড রান দুর্ঘটনা ঘটে, যাতে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১৬ হাজার মানুষ গুরুতর আহত হন। Motor Vehicles Act অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণের হিসাব করলে বছরে প্রায় ৬০০ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও, গত চার বছরে মোট ৩০০ কোটি টাকারও কম বিতরণ করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সংশোধিত ‘Compensation to Victims of Hit and Run Motor Accidents Scheme’ চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে মৃত্যু হলে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রয়েছে। তবে দেখা গিয়েছে, বছরে ৩০ হাজারের বেশি মৃত্যু এবং ১৬ হাজার গুরুতর আহতের ঘটনা ঘটলেও আবেদন জমা পড়ে ১০ হাজারেরও কম, যার মধ্যে ৮ হাজারের কম আবেদনকারী শেষ পর্যন্ত অর্থ পান।
Primus Partners-এর পর্যবেক্ষণ অনুযায়ী, এই ব্যর্থতার প্রধান কারণগুলি হলো প্রকল্প সম্পর্কে সচেতনতার অভাব, সঠিক তথ্যের অপ্রাপ্যতা, জটিল আবেদন প্রক্রিয়া এবং প্রশাসনিক বাধা। সমীক্ষায় দেখা গিয়েছে, ৮০ শতাংশেরও বেশি মানুষ এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত এবং যাঁরা জানতেন, তাঁদের মধ্যে ৮৪ শতাংশই জানতেন না কোথায় আবেদন করতে হবে।






