শীতকালে শরীর সুস্থ রাখা এবং সর্দি-কাশি থেকে দূরে থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই বাজার থেকে চ্যবনপ্রাশ কিনে থাকেন। তবে কিছু সহজ সামগ্রী ব্যবহার করে বাড়িতেই খুব সহজে সুস্বাদু ও পুষ্টিকর চ্যবনপ্রাশ তৈরি করে নেওয়া সম্ভব। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী এবং হেলদি ফ্যাট যুক্ত শুকনো ফল শরীরের পুষ্টি জোগাতে দারুণ ভূমিকা পালন করে।
উপকরণ হিসেবে প্রয়োজন হবে ১ কেজি আমলকী, ৫০০ থেকে ৭০০ গ্রাম গুড় (স্বাদ অনুযায়ী), ১০০ গ্রাম খাঁটি ঘি, ৫০ গ্রাম বাদাম, ৫০ গ্রাম কাজু বাদাম, ২৫ গ্রাম পেস্তা, ৫০ গ্রাম কিশমিশ, ১০০ গ্রাম খেজুর, ৫০ গ্রাম মাখানা, ১০-১২টি এলাচ, ১ টুকরো দারুচিনি, হাফ চামচ গোলমরিচ, ১ চা চামচ শুকনো আদার গুঁড়ো এবং ২ চামচ মধু।
প্রস্তুত প্রণালী অনুযায়ী, প্রথমে আমলকীগুলো ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে ২-৩টি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হলে বীজ ফেলে দিয়ে মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিন। এরপর বাদাম, কাজু, পেস্তা ও মাখানা আলাদাভাবে হালকা ভেজে ছোট টুকরো করে কেটে রাখতে হবে এবং খেজুরের বীজ ফেলে মিক্সারে বেটে নিতে হবে।
এবার একটি ভারী পাত্রে ঘি গরম করে তাতে আমলকীর পেস্ট দিয়ে কম আঁচে অনবরত নাড়তে হবে। জল শুকিয়ে সামান্য ঘন হয়ে এলে অন্য একটি পাত্রে গুড় গলিয়ে ছেঁকে তা আমলকীর মিশ্রণে দিয়ে দিতে হবে। এরপর এতে বাটা খেজুর, কেটে রাখা শুকনো ফল ও মাখানা মেশাতে হবে। সবশেষে এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, গোলমরিচ এবং আদা গুঁড়ো যোগ করে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত কম আঁচে ক্রমাগত নাড়তে হবে। রান্না শেষে পাত্রটি নামিয়ে পুরো ঠান্ডা করে মধু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া চ্যবনপ্রাশ।







