হুগলি জেলা জুড়ে টানা বৃষ্টির জেরে চরম বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। বিশেষ করে আরামবাগ মহকুমায় বিঘার পর বিঘা জমির ধান নষ্টের মুখে পড়েছে। এর ফলে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির প্রস্তুতি নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকরা। এই পরিস্থিতির জেরে আগামী ১ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে শুরু হতে চলা সরকারি ধান কেনার কর্মসূচিতে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।
খাদ্য দপ্তর সূত্রে খবর, আগামী মরসুমে হুগলি জেলা থেকে প্রায় তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতি ও শুক্রবারের দিন-রাতভর বৃষ্টিতে মাঠের কাঁচা ও পাকা ধান জলে ডুবে যায়। জল বের করার চেষ্টা করলেও ধান শুকিয়ে সরকারি কেন্দ্র বা সিপিসিতে (CPC) নিয়ে যাওয়া এখন চাষিদের কাছে বড় চ্যালেঞ্জ। এছাড়া ধানের অতিরিক্ত আর্দ্রতা বা ময়েশ্চার নিয়েও জটিলতা তৈরি হতে পারে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আরামবাগ মহকুমায় প্রায় ৬৩ হাজার হেক্টর জমিতে আমন চাষের মধ্যে সাত হাজার হেক্টরেরও বেশি জমির ধান ক্ষতির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ধানজমি পরিদর্শনে রবিবার সকালে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সরেজমিনে যান এবং চাষিদের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, কংগ্রেস নেতা সুশীল সাঁতরা অবিলম্বে প্রশাসনকে পরিস্থিতি খতিয়ে দেখে চাষিদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। গোঘাটের চাষি প্রশান্ত সেন জানান, ভেজা ধান শুকাতে বারবার উল্টে দিতে হচ্ছে এবং সেখান থেকে কতটা ভালো ধান মিলবে তা নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। ফলে নির্দিষ্ট সময়ে ধান বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।







