হাওড়ার জগৎবল্লভপুরের একটি পেট্রোল পাম্প থেকে তেল কিনে চরম ভোগান্তির মুখে পড়লেন একাধিক গ্রাহক। পাম্প থেকে জ্বালানি ভরে বেরোনোর কিছু দূর পরেই একের পর এক গাড়ি আচমকা বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। পরীক্ষা করে দেখা যায়, পেট্রোলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্প এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, বাহানা এলাকার এক বাসিন্দা ওই পাম্প থেকে ১২ লিটার পেট্রোল কেনেন। তবে পাম্প থেকে মাত্র ৫০ মিটার এগোতেই তাঁর গাড়িটি বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও ইঞ্জিন চালু না হওয়ায় তিনি সামনের একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর মিস্ত্রি জানান যে জ্বালানিতে জল মেশানো রয়েছে। গাড়ি থেকে সম্পূর্ণ তরল বের করে একটি সাদা পাত্রে ঢালতেই দেখা যায় পেট্রোলের পরিবর্তে জল বেরিয়ে আসছে। একই ঘটনার শিকার হয়েছেন আরও বহু গ্রাহক, যাঁদের মধ্যে অনেকে বোতল ও ড্রামে করে সেই জল মেশানো তেল নিয়ে পাম্পে এসে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী মহম্মদ সাবিব নামের এক গ্রাহক ক্ষোভ উগরে দিয়ে বলেন:
"আমি ১০০ টাকার তেল ভরিয়েছি। বেরিয়ে কিছুটা যেতেই গাড়ি বন্ধ হয়ে যায়। আমি দেখি ঝরঝর করে জল পড়ছে। আমি পাম্পে এসে বলতেই আমায় বোঝানোর চেষ্টা করল যে জল নয়, ইথানল। তারপরে একটা পাত্রে ঢালতেই দেখা গেল যে জল মেশানো। এখন ওরা বলছে, জানি না কোথা থেকে জল এসেছে। আমায় প্রাপ্য তেল দেওয়া হোক।"
গাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি বহু মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি, কারও বেতন কাটা গিয়েছে এবং জরুরি কাজ বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রথমে পাম্পের কর্মী বিশ্বজিৎ দাবি করেন এটি জল নয়, ইথানল এবং হয়তো বৃষ্টির কারণে এমনটা হয়েছে। তবে গ্রাহকদের চাপের মুখে তেলটিতে জল থাকার বিষয়টি মেনে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত ও পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। আপাতত ওই পাম্প থেকে তেল দেওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে।







