দেশে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত এক উদ্বেগের চিত্র সামনে এসেছে। ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের সহায়তায় প্রকাশিত 'SAMPADA' (সার্ভে ফর অ্যাসেসমেন্ট অব মার্কারস অব পপুলেশন হেলথ অ্যাক্টিভিটি ডায়েট অ্যান্ড অ্যান্থ্রোপোমেট্রি) শীর্ষক রিপোর্টে দেখা গিয়েছে, দেশের ৪৬.৩ শতাংশ কিশোরী এবং ৫৫.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মহিলা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন। এছাড়া গর্ভবতী মহিলাদের ৪৩.৬ শতাংশই এই সমস্যার শিকার।
রাজ্যভিত্তিক পরিসংখ্যানে জানা গিয়েছে, অ্যানিমিয়ায় আক্রান্তের হারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে ৭০.৩ শতাংশ কিশোরী এবং ৮০ শতাংশ মহিলা রক্তাল্পতায় ভুগছেন। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ ও গুজরাত। গুজরাতে কিশোরীদের ৬১.৪ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ৬৩.৮ শতাংশ রক্তাল্পতায় আক্রান্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গে কিশোরীদের ক্ষেত্রে এই হার ৬০.৪ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে ৭০.৭ শতাংশ। তালিকার সবচেয়ে নিচে রয়েছে কেরল।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, দেশে ৫ থেকে ৯ বছর বয়সি শিশুদের ৩১.৩ শতাংশ রক্তাল্পতার শিকার। ১০ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের মধ্যে গ্রামে ৪৬.২ শতাংশ এবং শহরে ৪৬.৬ শতাংশ অ্যানিমিয়ায় ভুগছেন। পাশাপাশি ১৫ থেকে ৪৯ বছর বয়সি গ্রামীণ মহিলাদের ৫৬.৩ শতাংশ এবং ২০ থেকে ৫৯ বছর বয়সি পুরুষদের ২২ শতাংশ এই রোগে আক্রান্ত। এই তথ্য প্রকাশ্যে আসার পরই মোদী সরকারের সমালোচনায় সরব হয়ে দলের প্রধান মুখপাত্র Jairam Ramesh কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী J P Nadda-র পদ নিয়ে কটাক্ষ করেন।







