গোয়ায় আয়োজিত ৫৭তম International Film Festival of India (IFFI)-তে বাংলা সিনেমার জন্য জোড়া সুখবর এল। এই উৎসবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে শেখর দাশ পরিচালিত ছবি 'পাগলা ঘোড়া'। পাশাপাশি, সেরা নবাগত পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত, তাঁর পরিচালিত ছবি 'প্রত্যাবর্তন'-এর জন্য।
গত শুক্রবার ইন্ডিয়ান প্যানোরমার জন্য নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। ফিচার বিভাগে মোট ২০টি ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে 'পাগলা ঘোড়া'। বাদল সরকারের কালজয়ী নাটকের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ। পরিচালক শেখর দাশ জানিয়েছেন, অনেকদিন পর ছবি পরিচালনা করেছেন তিনি এবং এই সিনেমার মাধ্যমে বাদল সরকারকে শ্রদ্ধা জানিয়েছেন।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।







