বার্ড ফ্লুর সংক্রমণ রুখতে এক বড় পদক্ষেপ নিল ভারত। ভোপালের কেন্দ্রীয় গবেষণা সংস্থা ICAR-NIHSAD (National Institute of High Security Animal Diseases) দেশের প্রথম দেশীয় H5N1 বার্ড ফ্লু ভ্যাকসিন তৈরি করেছে। আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পোলট্রি শিল্পকে বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
সাধারণত মুরগি ও হাঁসসহ বিভিন্ন পাখির মধ্যে H5N1 ভাইরাসের সংক্রমণ ছড়ায়। বিরল ক্ষেত্রে সংক্রমিত পাখির সংস্পর্শে মানুষের শরীরেও এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। পোলট্রি খামারগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ সংক্রমণ ছড়ালে প্রশাসনকে অনেক সময় আক্রান্ত পাখি মেরে ফেলতে হয়। এর ফলে খামারিদের বিপুল লোকসান হয় এবং মুরগি ও ডিমের ব্যবসায় প্রভাব পড়ে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকা ভবিষ্যতে এই পরিস্থিতি মোকাবিলায় নতুন পথ খুলে দিতে পারে।
সম্প্রতি তামিলনাড়ুর একাধিক পোলট্রি খামারে প্রায় ৫০ হাজার মুরগির মৃত্যুর খবর সামনে এসেছে, যার সম্ভাব্য কারণ হিসেবে বার্ড ফ্লু-কে মনে করা হচ্ছে। এছাড়া কেরালার আলাপ্পুঝায় প্রায় ২৬ হাজার হাঁস, মুরগি ও কোয়েলের শরীরে H5N1 ভাইরাসের উপস্থিতি মিলেছে। চলতি বছরের মে মাসে মহারাষ্ট্র ও কর্নাটকেও বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মহারাষ্ট্রে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রায় দেড় লক্ষ মুরগি মেরে ফেলা হয়েছিল এবং কর্নাটকে প্রায় ৫০টি ময়ূরের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে দেশীয় টিকার উদ্ভাবন পোলট্রি ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর হতে পারে।







