ভারতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চরম সংকটের মুখে সাধারণ মানুষ। রান্নার তেল, শাকসবজি, ডাল এবং দুধের মতো প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মাসিক বাজেটে ব্যাপক চাপ পড়ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, অনেক পরিবার এখন ন্যূনতম খাবারের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে, যার ফলে বিনোদন বা সঞ্চয়ের জন্য হাতে আর কোনো টাকা থাকছে না।
LocalCircles-এর একটি দেশব্যাপী সমীক্ষায় এই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। ১৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩২৬টি জেলার ৭৪ হাজার ৩১১ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে গত বছরের তুলনায় এখন নিত্যপণ্যের পেছনে অনেক বেশি খরচ করতে হচ্ছে। এর মধ্যে ৯২ শতাংশের মাসিক খরচ অন্তত ১০ শতাংশ এবং ৭৯ শতাংশের খরচ ১৫ শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেয়েছে।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ৩৯ শতাংশ পরিবার সংসার চালাতে সঞ্চয় থেকে টাকা নিচ্ছেন অথবা ধার করছেন। পাশাপাশি ৩৭ শতাংশ মানুষ খরচ কমাতে সস্তা ব্র্যান্ডের পণ্যের দিকে ঝুঁকছেন। বিশেষ করে ঘি, মাখন ও ভোজ্যতেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন ৭৫ শতাংশ মানুষ। এছাড়া শাকসবজি (৭৩%), চাল-গম (৭১%), দুগ্ধজাত পণ্য (৬৫%) এবং ডালের (৬২%) দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল।
পাইকারি ও খুচরো— উভয় বাজারেই মুদ্রাস্ফীতির প্রভাব স্পষ্ট। অক্টোবরে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার ১২.৩ শতাংশে পৌঁছেছে, যা টানা দ্বিতীয়বার ডাবল ডিজিটে থাকল। অন্যদিকে, খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.০৯ শতাংশে পৌঁছে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা ছাড়িয়ে গিয়েছে। ফলে আগামী দিনে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






