প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ওড়িশার চণ্ডীপুরে অবস্থিত Integrated Test Range-এ সফলভাবে পরীক্ষা সম্পন্ন করল দেশীয় প্রযুক্তিতে তৈরি সর্বজনীন রকেট লঞ্চার সিস্টেম ‘Suryastra’। এই পরীক্ষার মাধ্যমে সিস্টেমটি ৩০, ৫০, ১৫০ এবং ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। বিশেষত, দীর্ঘ দূরত্বেও এর নির্ভুলতার মাত্রা ৫ মিটারের মধ্যে ছিল।
‘Suryastra’-র অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর Multi-caliber launcher system। একটিমাত্র লঞ্চার থেকেই ১২২ মিমি, ১৬০ মিমি এবং ৩০৬ মিমি রকেট নিক্ষেপ করা সম্ভব, যার ফলে সেনাবাহিনীকে বিভিন্ন অভিযানের জন্য আলাদা আলাদা লঞ্চার রক্ষণাবেক্ষণ করতে হবে না। BEML-এর উচ্চ-গতিশীলতাসম্পন্ন যানবাহনের প্ল্যাটফর্মে এই সিস্টেমটি স্থাপন করা যাবে। এর ফলে রকেট নিক্ষেপের পর দ্রুত স্থান পরিবর্তন করা সম্ভব হবে, যাকে সামরিক পরিভাষায় ‘Shoot-and-scoot’ কৌশল বলা হয়। এই পদ্ধতি শত্রুপক্ষের পাল্টা আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করবে।
এই প্রজেক্টের জন্য দেশীয় সংস্থা Nibe Limited ২০২৫ সালের জুলাই মাসে ইজরায়েলি প্রতিষ্ঠান Elbit Systems-এর সঙ্গে একটি প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির অধীনে Elbit-এর ‘PULS’ রকেট লঞ্চার সিস্টেমের প্রযুক্তিকে ভারতীয় চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর আগে ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতীয় সেনাবাহিনী Nibe Limited-কে ২৯৩ কোটি টাকার একটি কার্যাদেশ দিয়েছিল। এই সিস্টেমটি যুক্ত হলে দূরপাল্লার নিশানায় আঘাত হানার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আরও বাড়বে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে।







