নৌসেনা দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে কলকাতার সাধারণ মানুষের জন্য বিশেষ সুযোগ নিয়ে আসছে ভারতীয় নৌসেনা। আগামী ২০ নভেম্বর শহরে নোঙর করবে নৌসেনার অফশোর প্যাট্রোল ভেসেল INS Sumedha। জাহাজটি কলকাতার কিডারপুর ডকের ১১ নম্বর বার্থে অবস্থান করবে।
নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ ও ২১ নভেম্বর বিভিন্ন স্কুল, কলেজ, NCC এবং SCC ক্যাডেটদের পাশাপাশি সশস্ত্র বাহিনী ও অন্যান্য পরিষেবার কর্মীদের জন্য জাহাজ পরিদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর ২২ ও ২৩ নভেম্বর সাধারণ দর্শকদের জন্য INS Sumedha পরিদর্শনের সুযোগ থাকছে। এই নির্দিষ্ট দিনগুলিতে দর্শকরা যুদ্ধজাহাজে উঠে তার পরিকাঠামো এবং কাজকর্ম সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, জাহাজ পরিদর্শনে আসা প্রত্যেক দর্শককে পরিচয় যাচাইয়ের জন্য বৈধ ফটো পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং নৌসেনার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের ধারণা আরও স্পষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।







