ফলতায় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বাড়ি ভাঙার বিরোধিতায় আদালতে মামলা দায়ের করেছিলেন জাহাঙ্গির। শুক্রবার এই মামলার শুনানির সময় বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী সোমবার মামলার শুনানি হবে। তাই আপাতত সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ করা যাবে না।
শুনানির সময় বিচারপতি রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেন, মামলাকারী জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন, তাহলে প্রশাসন কীভাবে চিহ্নিত করল যে বাড়িটি তাঁর? বাড়ি ভাঙার আগে কোনও নোটিস দেওয়া হয়েছিল কি না? রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দু’জন ব্যক্তি বাড়িটি চিহ্নিত করেছিলেন। প্রথমে পোস্টের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছিল, পরে তা বাড়ির দেওয়ালে আঁটকে দেওয়া হয়। তবে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, তাঁর মক্কেল এই বাড়িটির উল্লেখ করলেও তিনি অন্য বাড়িতে থাকতেন।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় শেষ কথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির। গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অসঙ্গতি সামনে আসায় ফলতা বিধানসভার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নতুন করে ভোটের দিন ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনের আগে ময়দান ছাড়েন জাহাঙ্গির। নাড্ডার কনভয়ে হামলা, ভোট পরবর্তী হিংসার মামলাসহ একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গিরকে।
অভিযোগ, সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন ধৃত অভিষেক ঘনিষ্ঠ ওই নেতা। এরপরেই প্রশাসনের তরফে নোটিস দিয়ে জাহাঙ্গিরকে স্পষ্ট জানানো হয়েছিল, সাত দিনের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরেই শুরু হয়েছে বুলডোজার অ্যাকশন। তারই বিরোধিতায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গির।







