ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিধায়ক পরেশরাম দাস। সেই একই মামলায় এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল পরিচালিত হাটপুকুরিয়া অঞ্চলের সভাপতি জালাল সর্দার। ধৃত জালাল সর্দার হলেন হাটপুকুরিয়া পঞ্চায়েত প্রধান মহিতুন্নেছা সর্দারের স্বামী। অভিযোগকারিণীর দাবি, জালাল সর্দারই তাঁকে বিধায়ক পরেশরাম দাসের কাছে নিয়ে গিয়েছিলেন। এফআইআর-এও তাঁর নাম উল্লেখ রয়েছে, যদিও ধৃত ব্যক্তি এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে, যখন ক্যানিং থানার এক বাসিন্দা বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান। গত ২ সেপ্টেম্বর ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর ৯ নভেম্বর মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় ওই বিধায়ককে। অভিযোগকারিণীর পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের ১২ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তা না মানলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
অন্যদিকে, এই গ্রেফতারির বিষয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, পরেশরাম দাস পুনরায় মমতা-তৃণমূলের দলে ফিরে আসতে চেয়েছেন, তাই তাঁকে হেনস্থা করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধর্ষণের অভিযোগের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার তালদি এলাকায় দোকান পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও উঠেছে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে।







