জলপাইগুড়ির কচুয়া বোয়ালমারি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র নাথ শর্মা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকাকালীন ভুল রক্ত প্রয়োগের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার এই ঘটনার পর তাঁর তীব্র শ্বাসকষ্ট ও জ্বর শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত CCU-তে ভর্তি করা হয় এবং চিকিৎসকেরা ডায়ালিসিসের পরামর্শ দেন।
চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী তাঁর শরীরে নতুন করে AB+ পজিটিভ রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। পরিবারের কাছে আগে থেকেই বিরল গ্রুপের দুটি ইউনিট রক্ত থাকলেও, তার মধ্যে একটি ইউনিট নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
সংগঠনের উদ্যোগ এবং রক্তদাতাদের সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় রক্ত জোগাড় করা সম্ভব হয়। এই মানবিক কাজে রক্তদাতা হিসেবে এগিয়ে আসেন ওই ফাউন্ডেশনের রাজ্য কমিটির সদস্য এবং বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর। এটি তাঁর ৫২তম রক্তদান। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই উদ্যোগের ফলে শেষ পর্যন্ত রোগীর জীবন রক্ষা পেল বলে জানা গেছে।







