জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার মারওয়াহ অঞ্চলের জঙ্গল থেকে নিখোঁজ দুই বিশেষ পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। নিহত দুই কর্মীর শরীরে একাধিক গুলির আঘাত রয়েছে। ঘটনার পেছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মৃত দুই পুলিশকর্মী হলেন রশপাল কুমার এবং বাবি চাঁদ। তাঁরা কিশতওয়ারের ডাচ্ছান এলাকার বাসিন্দা এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার একটি সেনা পোস্টের দিকে যাওয়ার সময় মারওয়াহ এলাকার দেহরানা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাঁদের মোবাইল চালু থাকলেও পরে বন্ধ পাওয়া যায়।
নিখোঁজ কর্মীদের সন্ধানে যৌথ বাহিনী তল্লাশি শুরু করলে বৃহস্পতিবার সকালে ডেরনা টপ অঞ্চল থেকে তাঁদের নিথর দেহ মেলে। তাঁদের সঙ্গে থাকা ইনসাস ও সার্ভিস রাইফেল খুঁজে পাওয়া যায়নি; হামলাকারীরা অস্ত্র নিয়ে চম্পট দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখরানে মির বাজার এলাকায় একটি চেকপোস্টে নাকা তল্লাশির সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে এলোপাথাড়ি গুলি চালায়। সেই হামলায় দুই জনের মৃত্যু হয়েছে।







