নবম শ্রেণির এক ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে জামতারা গ্যাংয়ের একটি বড় প্রতারণা চক্রের হদিশ পেল আমডাঙা সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৩টি মিউল অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার কারচুপির অভিযোগে দুই জামতারা গ্যাং সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি মোবাইল, দুটি ডেস্কটপ, প্রায় ২০০টি নথি, একাধিক স্ট্যাম্প এবং ৭১ হাজার টাকা উদ্ধার করেছে।
পুলিশি তদন্তে জানা গেছে, গেম খেলার প্রলোভন দেখিয়ে আমডাঙার ওই নাবালকের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল দিব্যজ্যোতি সরকার নামের এক ব্যক্তি। এরপর সেই অ্যাকাউন্টের নথিপত্র নিজের কাছে রেখে দেয় সে। নথিপত্র ফেরত না পেয়ে নাবালকের পরিবার পুলিশের দ্বারস্থ হলে দিব্যজ্যোতিকে গ্রেপ্তার করা হয়। জেরার মুখে সে স্বীকার করে যে, মোটা টাকার বিনিময়ে ওই নথিগুলি ঝাড়খণ্ডের কিছু ব্যক্তির হাতে তুলে দিয়েছিল সে।
এই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে পুলিশ ঝাড়খণ্ডের গিরিডি থেকে সোনু আনসারী ও শাহবাজ আনসারীকে, গড়িয়া থেকে সুজয় চট্টোপাধ্যায় এবং হাওড়ার ডোমজুড়ের বাকড়া থেকে শেখ সরফরাজ ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশি দাবি, সুজয় বিভিন্ন জায়গা থেকে ব্যাঙ্কের নথি সংগ্রহ করে জামতারা গ্যাংয়ের কাছে পৌঁছে দিত এবং বিনিময়ে কমিশন পেত। বর্তমানে ধৃত পাঁচজনই পুলিশি হেফাজতে রয়েছেন এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।







