ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ICC বোর্ড বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর আইসিসির পরিচালকদের প্রস্তাবের পর বোর্ড তাঁর পুনর্নিয়োগে চূড়ান্ত সিলমোহর দেয়। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক মঞ্চে ভারতের প্রভাব আরও একবার স্পষ্ট হয়ে উঠল এবং প্রাক্তন বিসিসিআই সচিব আগামী দিনেও বিশ্ব ক্রিকেটের দায়িত্ব সামলাবেন।
ICC জানিয়েছে, জয় শাহ-র নেতৃত্বের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। বিশেষ করে ক্রিকেটের আন্তর্জাতিক প্রসার, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকতা বজায় রাখতেই তাঁকে পুনরায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর জয় শাহ বোর্ড এবং পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করে ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বাড়ানোই তাঁর মূল লক্ষ্য।
আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি ২০২৮ সালের Los Angeles Olympics-এর কথা উল্লেখ করেন। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তনকে কাজে লাগিয়ে খেলাটির আন্তর্জাতিক জনপ্রিয়তা বাড়াতে চান তিনি। এছাড়া খেলোয়াড়, দর্শক এবং বাণিজ্যিক সহযোগীদের স্বার্থ মাথায় রেখে ক্রিকেটের জন্য একটি শক্তিশালী ও স্থায়ী কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।
জয় শাহ-র এই দ্বিতীয় মেয়াদকে স্বাগত জানিয়েছেন বোর্ডের একাধিক সদস্য। England and Wales Cricket Board-এর চেয়ারম্যান Richard Thompson আন্তর্জাতিক ক্যালেন্ডারকে আরও শক্তিশালী করার চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। অন্যদিকে, ICC-র স্বাধীন ডিরেক্টর Ross Revas মহিলাদের ক্রিকেটের উন্নতির ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন।






