পারিবারিক বিবাদের জেরে ঝাড়গ্রাম শহরের নতুন পল্লিতে এক যুবক দড়ি বেয়ে কুয়োর ভেতরে নেমে যান। পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাঁকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর চল্লিশের ওই যুবকের নাম সুনীল সেতুয়া। পরিবারের সদস্যদের দাবি, নেশার ঘোরেই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। কুয়োর ভেতর থেকে ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঝাড়গ্রাম থানায় খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে। সেই সময় গলা পর্যন্ত জলে ডুবে থাকা ওই যুবক চিৎকার করে জানান যে তিনি মরতে চান। পুলিশ ও ওই যুবকের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর দমকল কর্মীদের প্রচেষ্টায় তাঁকে নিরাপদে উপরে তোলা হয়। উদ্ধারের পর দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মনে করছে, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনাটি ঘটেছে।







