সোমবার সকালে ঝাড়গ্রাম শহরের কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোডের সংযোগস্থলে একটি পরিত্যক্ত লাল ব্যাগ পড়ে থাকায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ব্যাগটি সেখানে পড়ে থাকলেও কোনো দাবিদার না মেলায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মনে সন্দেহ দানা বাঁধে। বিস্ফোরক থাকার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতেও ইতস্তত বোধ করেন।
খবর পাওয়ার পরপরই ঝাড়গ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। সম্ভাব্য বিপদ এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। অনেকের মনেই এই ঘটনাকে নাশকতার ছক বলে মনে হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখতে CID-র বম্ব ডিজপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞরা এসে ব্যাগটি পরীক্ষা করার পর দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই, বরং দেশি মদের বোতল রাখা ছিল।







