কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার সংযোগকারী ডায়মন্ড হারবার রোডের যানজট কমাতে বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রায় ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ বর্তমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাবিত সম্প্রসারণের প্রাথমিক কাজ হিসেবে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)।
প্রকল্পের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা, সম্ভাব্য নির্মাণ খরচ এবং প্রযুক্তিগত দিকগুলো খতিয়ে দেখে বিশদ রূপরেখা তৈরির লক্ষ্যে প্রায় ২.৭ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করেছে মন্ত্রক। দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে পুরো সমীক্ষা শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে ২১০ দিন সময় দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।
বর্তমানে এই ব্যস্ত সড়কে গাড়ির চাপ ক্রমশ বাড়ায় নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। রাস্তাটি চার লেনে সম্প্রসারিত হলে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা মিলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের ২০২৬-২৭ অর্থবর্ষের অনুমোদিত বার্ষিক পরিকল্পনায় এই প্রকল্পের DPR তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সমীক্ষা রিপোর্ট চূড়ান্ত হওয়ার পরেই মাঠপর্যায়ে রাস্তা নির্মাণের রূপরেখা নির্ধারণ করা হবে।







