তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংসদ বনাম বিধায়কের সংঘাত তীব্র আকার নিল। বিধায়ক আখরুজ্জামান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে প্রাপ্ত ফি নিয়ে তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলে, পাল্টা আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আখরুজ্জামান আর চিফ হুইপ পদে নেই। ডিভিশন বেঞ্চের দুই মাসের প্রবেশনাল অর্ডারের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে, তাই বর্তমানে বিরোধী দলনেতা ও চিফ হুইপ হিসেবে মাইনে, গাড়ি এবং অফিস ব্যবহার করা তাঁর প্রতারণা। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ।
আখরুজ্জামানের বিরুদ্ধে মুর্শিদাবাদে গরু পাচার মামলায় নাম জড়ানোর অভিযোগ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা ED এবং CBI তদন্ত করেছে। এছাড়া চর বাজিতপুর ইকো পার্ক ডেভেলপমেন্টের কোটি কোটি টাকার স্ক্যাম এবং এতে আখরুজ্জামানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে আখরুজ্জামানের বাবা হবিবুর রহমানের জমি এবং ভাইয়ের গ্যাস এজেন্সির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের পেশাগত দক্ষতা এবং পরিবারের কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর ছেলে একজন প্রতিষ্ঠিত আইনজীবী, যা আখরুজ্জামানের মতো অশিক্ষিত মানুষ বুঝবে না। দলের জন্য হাজার হাজার মামলা লড়েছেন বলে দাবি করে তিনি আরও বলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফট টার্গেট করা হচ্ছে। আখরুজ্জামানের কার সঙ্গে 'সেটিং' রয়েছে তা তিনি জানেন বলে দাবি করেন শ্রীরামপুরের এই সাংসদ।







