খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘন এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে হায়দ্রাবাদের বেশ কিছু KFC এবং Domino's আউটলেটের লাইসেন্স সাসপেন্ড করল তেলেঙ্গনা সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগ 'TG SAFE'। তল্লাশি অভিযানে ওই আউটলেটগুলোর ভেতরে আরশোলা এবং ইঁদুরের বিষ্ঠা পাওয়া গিয়েছে।
বিভাগীয় আধিকারিকদের অভিযানে মিয়াপুর, বানজারা হিলস, সিন্ধি কলোনি, মুসা রামবাগ, শিল্পকলা বেদিকা এবং Inorbit Mall-এর KFC আউটলেটগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি শরৎ সিটি মল এবং Inorbit Mall-এর Domino's শাখাগুলোর লাইসেন্স সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং ব্যবহৃত রান্নার তেলের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া রান্নার কাজে নিষিদ্ধ ৫২ কেজি সিন্থেটিক ম্যাগনেসিয়াম সিলিকেট বাজেয়াপ্ত করা হয়েছে। পরীক্ষার জন্য বেশ কিছু নমুনা ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
এই অভিযানে কেবল এই দুই সংস্থা নয়, বরং 'Biryani By Kilo', 'Kulcha Culture' এবং 'ITC Aashirvaad Soul Creations'-সহ আরও কয়েকটি নামী রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করে অবিলম্বে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে Swiggy এবং Zomato-র মতো ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে লাইসেন্স বাতিল হওয়া রেস্তোরাঁগুলোকে তাদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়।







