খড়্গপুরে জগন্নাথ এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল খড়্গপুর জিআরপি। বৃহস্পতিবার ১৮৪১০ নম্বর ট্রেনের এক যাত্রী অসিত দাসের ব্যাগ থেকে মোট ২২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটক ওই যুবকের বয়স ৩৫ বছর এবং তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কটক থেকে মেচেদা যাওয়ার পথে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা টাকার উৎস বা তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি অসিত দাস।
জিআরপির এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন যে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শুক্রবার ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর খড়্গপুর স্টেশনেই এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।







