পলতা থেকে টালা পর্যন্ত বিস্তৃত ১০৭ বছরের পুরনো ৭২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার জলের পাইপ ফেটে যাওয়ায় বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পুরকমিশনার স্মিতা পান্ডের উদ্যোগে এই সমস্যা সমাধানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের বর্তমান DG রিহান সান্যাল, প্রাক্তন DG বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়, যাদবপুরের অধ্যাপক গোকুল মণ্ডল এবং স্পেশ্যাল কমিশনার সৌম্য ভট্টাচার্য।
পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার থেকে ব্রিটিশ আমলের ওই পাইপ মেরামতির কাজ শুরু হবে। বর্তমানে রেললাইনের নিচের ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ রেখে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি বাইপাস পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তবে এই বিকল্প ব্যবস্থার ফলে উত্তর কলকাতার বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
চলতি মাসের ৯ তারিখ টালার এই পাইপলাইন ফেটে বড়সড় বিপর্যয় ঘটেছিল, যা সাময়িকভাবে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছিল। তবে শতাব্দী প্রাচীন এই জরাজীর্ণ পাইপলাইন সম্পূর্ণ বদলানো নিয়ে চিন্তিত পুরসভার ইঞ্জিনিয়াররা। মূল পাইপলাইনের মানচিত্র থাকলেও, শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা ছোট ও মাঝারি পাইপলাইনের সঠিক হদিশ না থাকায় কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। উল্লেখ্য, হুগলি নদী থেকে জল সংগ্রহ করে পলতা জলপ্রকল্পে পরিশোধন করার পর পাইপের মাধ্যমে তা টালা ও অন্যান্য পাম্পিং স্টেশনে পাঠানো হয়, যেখান থেকে বুস্টার পাম্পের সাহায্যে শহরের বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হয়।







