কোচবিহার জেলার প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফেসিয়াবাড়ি এলাকায় পুলিশের স্পেশাল ফোর্সের একটি গোপন অভিযান পরিচালিত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এলাকাটিতে অভিযান চালায়। এই অভিযানে জুয়া খেলার অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (৩৭), সাফিয়ার হোসেন (৩৭), আমিনুর ইসলাম (৪২) এবং আতিয়ার হোসন (৩৯)। জানা গেছে, জাহাঙ্গীর ও সাফিয়ারের বাড়ি পুণ্ডিবাড়ি এলাকায়, অন্যদিকে আমিনুর ও আতিয়ারের বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালীন এলাকাটিতে জুয়ার আসর রমরমিয়ে চলছিল।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৫,৯১০ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও চারটি আধপোড়া মোমবাতি এবং খেলার গুটিসহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার করা টাকাগুলো জুয়া খেলার কাজে ব্যবহার করা হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় আরও কারও জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।







