কলকাতায় সাধারণ বাসে ওঠার পর প্রথম চার কিলোমিটারের জন্য নূন্যতম ১৮ টাকা ভাড়া ধার্য করার প্রস্তাব দিল বাস মালিকদের সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। এই মর্মে সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে একটি প্রস্তাবিত ভাড়ার খসড়া চিঠি পাঠানো হয়েছে।
২০১৮ সালের পর রাজ্যে সরকারিভাবে বেসরকারি বাসের ভাড়া আর বাড়েনি। বাস মালিক সংগঠনের একাংশের দাবি, দীর্ঘদিন ভাড়া অপরিবর্তিত থাকায় পরিবহণ ব্যবসায় আর্থিক ক্ষতি হচ্ছে এবং ক্রমশ বাসের সংখ্যা কমে যাচ্ছে। এর আগে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বাস মালিকদের বৈঠকে পুজোর পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এই নতুন চিঠি জমা দেওয়া হলো।
সংগঠনের পেশ করা খসড়া অনুযায়ী কলকাতায় সাধারণ বাসের প্রস্তাবিত ভাড়া:
- প্রথম ৪ কিমি পর্যন্ত: ১৮ টাকা
- ৪ থেকে ৬ কিমি: ২০ টাকা
- ৬ থেকে ৮ কিমি: ২২ টাকা
- ৮ থেকে ১২ কিমি: ২৪ টাকা
- ১৬ থেকে ২০ কিমি: ২৮ টাকা
- ২০ থেকে ২২ কিমি: ৩০ টাকা
অন্যান্য ক্যাটাগরির বাসের জন্য প্রস্তাবিত ভাড়ার তালিকা:
- জেলার সাধারণ বাস: প্রথম ৪ কিমিতে ২০ টাকা, পরবর্তী প্রতি কিমিতে ১ টাকা ২০ পয়সা বৃদ্ধি
- এক্সপ্রেস বাস: প্রথম ৪ কিমিতে ২৫ টাকা
- সাধারণ এসি বাস: প্রথম ৪ কিমিতে ৪০ টাকা
- ভলভো বাস: প্রথম ২ কিমিতে ৫০ টাকা
এছাড়া হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ এবং দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন রুট ও মিনিবাসের ভাড়াও একইভাবে বাড়ানোর আর্জি জানানো হয়েছে এই চিঠিতে।







