মাত্র এক বছরের ব্যবধানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি—চিকিৎসার এই দুই ভিন্ন ধারায় ডিগ্রি অর্জন করে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার এক চিকিৎসক। বর্তমানে ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করা ওই চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশনের নথি সামনে আসতেই স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অন্দরে শোরগোল পড়ে গেছে।
প্রাপ্ত নথি অনুযায়ী, ২০০১ সালে হোমিওপ্যাথিতে DHMS ডিপ্লোমা অর্জনের পর রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন ওই চিকিৎসক। এর ঠিক পরের বছর, ২০০২ সালে তিনি MBBS পাশ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও রেজিস্ট্রেশন পান। মাত্র ১২ মাসের ব্যবধানে কীভাবে দুটি পৃথক চিকিৎসা শাখার ডিগ্রি অর্জন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হল, তা নিয়ে চিকিৎসকদের একাংশ তীব্র প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে সরব হয়েছেন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ডা. রাজীব পাণ্ডে। তিনি জানান, এক বছরের ব্যবধানে দুই পৃথক ধারার ডিগ্রি লাভের ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক এবং এর পেছনে কোন জালিয়াতি রয়েছে কি না, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি।
রাজ্যে ভুয়া চিকিৎসক ও জাল শংসাপত্রের রমরমা রুখতে ইতিমধ্যে বড় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার নথিভুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশন নম্বর ধরে পুনরায় যাচাই এবং ক্রস-চেক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের নথিভুক্ত চিকিৎসকদের শংসাপত্রের বৈধতা পরীক্ষার মাধ্যমেই ভুয়া চিকিৎসকদের চিহ্নিত করা সম্ভব হবে।







