কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন। তবে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, রক্তের নমুনা রাখার ভায়াল, হ্যান্ড গ্লাভস এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি এতটাই গুরুতর যে, অনেক সময় রোগীর পরিবারকে হাসপাতালের বাইরের দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে আনতে বলা হচ্ছে। চিকিৎসকদের অভিযোগ, নিয়মিত সরবরাহ না থাকায় জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং অনেক রোগী শেষ পর্যন্ত বেসরকারি হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন।
বুধবার শহরের কয়েকটি সরকারি হাসপাতালের এই সংকটের চিত্র সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে একটি বোর্ডে প্রায় ১৪টি প্রয়োজনীয় সামগ্রীর নাম লেখা রয়েছে, যেগুলি বর্তমানে মজুত নেই। সেখানকার এক চিকিৎসকের মতে, গত কয়েক দিন ধরে বমি বন্ধ করার ইনজেকশন, অক্সিজেন মাস্ক এবং কটারির পেন্সিলের মতো জিনিসের ঘাটতি রয়েছে। শুধু জরুরি বিভাগই নয়, প্রসূতি বিভাগেও প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করার ওষুধের মজুত শেষ হয়ে যাওয়ায় বাইরে থেকে তা সংগ্রহের কথা বলা হচ্ছে রোগীদের পরিবারকে।
একই সমস্যা দেখা দিয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগেও। চিকিৎসকদের অভিযোগ, গত সপ্তাহে রক্ত পরীক্ষার নমুনা রাখার ভায়াল পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া হ্যান্ড গ্লাভসের নিয়মিত অভাবের কারণে ক্ষতস্থানে সেলাই করার মতো প্রক্রিয়ায় সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি ন্যাজাল ক্যানুলা এবং সাধারণ অ্যান্টিবায়োটিকেরও ঘাটতি রয়েছে।
আরজি কর হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, ২০২৪ সালের ১৫ অগস্ট মধ্যরাতের পর জেনারেল ইমার্জেন্সি বিভাগে ভাঙচুরের ঘটনার পর বিভাগটিকে ট্রমা কেয়ার ভবনে সরিয়ে নেওয়া হয়। সেখানে জায়গার অভাব থাকায় বর্তমানে জেনারেল ইমার্জেন্সি এবং ট্রমা ইমার্জেন্সি— এই দুই বিভাগের পরিষেবাই একই স্থান থেকে চালানো হচ্ছে।







