কলকাতার জোড়াবাগান এলাকার একটি বহুতলে রাতে আচমকাই আগুন লাগার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ভবনের দোতলার একটি ঘরে ব্যবসার জন্য থার্মোকলের থালাবাসন মজুত করা ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ভবনের একটি অংশে বেশ কয়েকটি পরিবার বসবাস করায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শহরের পাশাপাশি অন্যান্য জায়গাতেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। রাতে বেহালার বুড়োশিবতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগলে সেখানে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে দমকল বাহিনী পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে, সন্দেশখালির সরবেড়িয়ার একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগলে একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং রেস্তোরাঁটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। ওই সময় ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়, তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।
সম্প্রতি মহাকরণের পিছনের একটি অফিস এবং সাউথ সিটি আবাসনের ২৭ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এছাড়া দক্ষিণ কলকাতার বাঘাযতীন মার্কেটে অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছিলে। এই ধারাবাহিক অগ্নিকাণ্ডগুলোর পরিপ্রেক্ষিতে বর্তমানে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে দমকল বাহিনী।







