কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৭ নভেম্বর মধ্যরাতের অশান্তি ও তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৩ জন ইন্টার্নকে বউবাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ক্যাম্পাস চত্বরে কী ঘটেছিল, ঘটনার আসল কারণ কী এবং কারা উপস্থিত ছিলেন, এ বিষয়ে জানতে চাওয়ার জন্য প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার্নরা দাবি করেন, “সেদিন রাতে ABVP-র সদস্যরা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে। তাদের একজনের বিরুদ্ধেও তদন্ত হয়নি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। যে ৮ জন ইন্টার্নকে শোকজ করা হয়েছে, তা প্রত্যাহার করা হোক।”
অন্যদিকে, একই দিনে বউবাজার থানায় ডেপুটেশন দেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁরা দাবি করেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি, বরং ৩ জন ইন্টার্নকে শোকজ করা হয়েছে। থানার ওসির কাছে জমা দেওয়া ডেপুটেশনে কলকাতা মেডিক্যাল কলেজে ভাঙচুর ও ইন্টার্নদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। তবে জানা গিয়েছে, এই মিছিলের জন্য পুলিশের তরফে কোনো অনুমতি ছিল না।







