কলকাতা মেডিক্যাল কলেজে আটজন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির জন্য বামপন্থীদের দায়ী করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন পড়লে পুলিশ কয়েক সেকেন্ডের মধ্যেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং অধ্যক্ষের প্রয়োজন অনুযায়ী সমস্ত প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। হাসপাতালের ভেতরে কোনো ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
পাশাপাশি কলেজ স্ট্রিটের অশান্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বামপন্থীদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনে জেতার ক্ষমতা না থাকায় তারা বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে।
ঘটনার সূত্রপাত হয় যখন স্বাস্থ্যদপ্তর আটজন জুনিয়র ডাক্তারকে শোকজ করে। এর আগে এক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর কলকাতা মেডিক্যালে পরিকাঠামোর অভাব নিয়ে একদল চিকিৎসক সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন, যাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে। এই শোকজের প্রতিবাদে বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের দাবি, কোন তদন্ত কমিটির সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিপোর্ট তাঁরা দেখতে চান। এই উত্তেজনার মাঝে প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ABVP-র সংঘাতের ঘটনাও ঘটে, যার ফলে কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।







