কলকাতা মেট্রোতে এক তরুণীর শ্লীলতাহানির ভয়ংকর ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে চাঁদনি চক স্টেশন থেকে ৮টা ৪৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোতে উঠেছিলেন ওই তরুণী। এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছানোর সময় যাত্রীবহুল মেট্রোতে এক মত্ত যুবক তাঁর পিঠে হাত রাখেন এবং ক্রমশ নিচের দিকে নামাতে থাকেন।
ঘটনার সময় অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল, যা সহযাত্রীরা দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে যাত্রীরা যুবকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর উপর চড়াও হন। অশান্তির মধ্যেই মেট্রোটি রবীন্দ্র সদন স্টেশনে ঢুকলে অভিযুক্ত নেমে যান।
ঘটনার পরপরই শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় তরুণী এখন আতঙ্কে, তিনি দাবি করেন মেট্রোটি ফাঁকা থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।







