বুধবার সন্ধ্যায় শ্যামবাজার থেকে বেলগাছিয়ার দিকে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির জেরে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়ল দক্ষিণেশ্বরগামী একটি আপ মেট্রো রেক। আচমকা যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় চালক দ্রুত এমার্জেন্সি ব্রেক কষেন, যার ফলে তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে যায়।
সুড়ঙ্গের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মেট্রোর ভেতরে বারবার ঘোষণা করা হয় এবং যাত্রীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়। কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনটি দাঁড়িয়ে আছে।
প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর যান্ত্রিক সমস্যা মিটে গেলে মেট্রো রেকটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে বেলগাছিয়া স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বর পর্যন্ত যাত্রা সম্পন্ন করে। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা এখনও জানা যায়নি।







