কলকাতা মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে এক তরুণীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার রাত ৯টা নাগাদ এক মদ্যপ ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, তিনি বুধবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন। এসপ্ল্যানেড স্টেশন থেকে অভিযুক্ত ব্যক্তি মেট্রোয় উঠে মহিলাদের সংরক্ষিত আসনের পাশে দাঁড়িয়ে থাকা তরুণীর পেছনে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর তরুণী বুঝতে পারেন যে ওই ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করছেন। প্রতিবাদ জানালেও অভিযুক্তের আচরণ আরও বেড়ে যায়। ঘুরে তাকালে তরুণী দেখেন যে ওই ব্যক্তির প্যান্টের চেন খোলা এবং পুরুষাঙ্গ প্রকাশ্যে। তরুণী চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে তা ঢাকার চেষ্টা করেন।
মেট্রো কামরায় প্রবল ভিড় থাকায় অন্যান্য যাত্রীরা প্রতিবাদ শুরু করেন এবং এরপর অভিযুক্ত ব্যক্তি রবীন্দ্রসদন স্টেশনে নেমে যান। আতঙ্কিত তরুণী রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে নেমে সাহায্যের আবেদন জানালেও কোনো সাহায্য পাননি বলে দাবি করেছেন।
ঘটনার পর পুলিশ ওই তরুণীকে নিয়ে রবীন্দ্রসদন, চাঁদনি চক এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। রবীন্দ্রসদন স্টেশনের ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।







