কলকাতার রাসবিহারী এলাকায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টা নাগাদ 'চায়েগ্রাম ক্যান্টিন' নামের ওই রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় দোকানের শাটার বন্ধ ছিল। ধোঁয়া দেখে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন।
দমকল কর্মীরা পৌঁছে শাটার কেটে ভেতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁটির ভেতরে কেউ ছিলেন না। তবে আগুনের তাপে দোকানের ভেতরের চিমনির অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। রেস্তোরাঁটিতে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল, যেগুলোর বাইরের অংশ পুড়ে গেলেও বিস্ফোরণ ঘটেনি। স্থানীয়দের মতে, সিলিন্ডারে আগুন ধরলে আশপাশের দোকানগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।
বর্তমানে দমকল বাহিনী খতিয়ে দেখছে যে ভেতরে কোনো পকেট ফায়ার রয়েছে কি না। পাশাপাশি, ভেতরে কেউ না থাকা সত্ত্বেও কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে তদন্ত চলছে।







