গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এর মধ্যেই আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের ওপর আরও একটি নতুন ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতির জেরে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে কিছুটা দেরি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। গত একদিনে শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
বর্তমানে উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।







