কৃষ্ণনগরের চাষাপাড়া ‘বুড়িমা’র ভোগ বিতরণে এবার নতুন নিয়ম চালু করল পুজো কমিটি। ভক্তদের ভিড় সামলাতে এবং ভোগ সংগ্রহে যাতে কেউ হয়রানির মুখে না পড়েন, সেই লক্ষ্যেই একাধিক কাউন্টার তৈরি করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দামের কুপনের মাধ্যমে প্রসাদ বিতরণ চলবে। এরপর বিকেল ৫টা থেকে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ভোগের ব্যবস্থা রাখা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার মোট ১৭ কুইন্টাল চালের ভোগ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে কুপন হোল্ডারদের জন্য ৭ কুইন্টাল এবং বিনামূল্যে বিতরণের জন্য ১০ কুইন্টাল চালের ভোগ তৈরি করা হচ্ছে। মঙ্গলবার রাত ১১টা থেকে প্রায় ২০০ জন কর্মীর সহযোগিতায় ভোগের প্রস্তুতি শুরু হয়েছে। চাষাপাড়া বারোয়ারি প্রাঙ্গণ এবং Royal Garden Lodge থেকে এই প্রসাদ বিতরণ করা হবে। বারোয়ারির সহকারী সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস জানান, সবাই যাতে সহজেই মায়ের প্রসাদ নিতে পারেন, সেটিই তাঁদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে Indian Red Cross Society-র কৃষ্ণনগর সদর মহকুমা শাখা একটি প্রাথমিক চিকিৎসা ক্যাম্প স্থাপন করেছে। বারোয়ারি কর্তৃপক্ষের আমন্ত্রণে বিএড কলেজের সামনে চার বেডের একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। রেড ক্রসের লাইফ মেম্বার উত্তম ধোনি জানান, ভিড় এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়েন বা চোট পান। সেই সমস্ত পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।







